শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, ‘এত সহজে দমে যাওয়ার মানুষ আমি নই। আমাকে যে হুমকি দেওয়া হয়েছে, পুলিশের চাকরিজীবনে এসব মাথায় রেখে সময় নষ্ট করার মানুষ আমি নই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা শপথ নিয়ে পুলিশ বিভাগে এসেছি।’ জিডি প্রসঙ্গে আবদুল হালিম বলেন, সরকারি একজন কর্মকর্তা এবং একটি থানার ওসি হিসেবে দৈনন্দিন কাজ থানায় রেকর্ডভুক্ত করা দায়িত্বের অংশ; সে হিসেবেই ভবিষ্যতের জন্য জিডি করা হয়েছে। এখানে ভয় পাওয়ার কিছু নেই।
জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির সরকারি মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে বিদেশি নম্বর (+২৭৩৬৩৫৬৪২৩) থেকে এসব হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
হোয়াটসঅ্যাপ বার্তায় প্রথমে ‘How are you’ এবং ‘We are worry about your family’ লিখে ওসি ও তাঁর পরিবারের বিষয়ে বার্তা পাঠানো হয়। এরপর ‘If u keep on doing what you did we will take action very soon’ লিখে সতর্ক করা হয়। পরে সরাসরি বাংলায় লেখা হয়, ‘পরিবার শেষ করে দেবো, বংশ শেষ করে দেবো।’
এরপর ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করতে হুমকি দিয়ে লেখা হয়, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’ পরবর্তী বার্তায় ওসিকে উদ্দেশ করে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’
সবশেষে পাঠানো বার্তায় বলা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’ হুমকির এসব বার্তায় ওসির ব্যক্তিগত জীবন, পরিবার এবং পুলিশের দায়িত্ব পালনের বিষয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম তাঁর সরকারি মোবাইল ফোনে আসা এসব হুমকির বিষয়টি সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করেছেন। ভবিষ্যৎ নিরাপত্তা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বিষয়টি নথিভুক্ত করেন।
মন্তব্য (০)