হাইকোর্টের স্থিতাবস্থা আদেশের পরও জমিতে জোরপূর্বক কাজ শুরুর অভিযোগ, দিরাই থানায় নিরাপত্তা চেয়ে আবেদন
সুনামগঞ্জের দিরাইয়ে জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। আদালতে বিচারাধীন জমিতে উচ্চ আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন জমিতে কাজ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে দিরাই থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ছুপি মিয়া (৪২) নামের এক ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা যায়, দিরাই উপজেলার ৮ নম্বর তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের ধলবাদি মৌজার ৪৫ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, ১৯৫৮ সালের ২৩ আগস্ট ১৫২৬ নম্বর দলিলমূলে তাঁর পিতামহ হরছত উল্লা জমিটি ক্রয় করেন। পরবর্তী সময়ে উত্তরাধিকার সূত্রে তাঁরা ওই জমির মালিকানা ও ভোগদখল লাভ করেন।
তবে অভিযোগকারীর দাবি, পরবর্তী সেটেলমেন্ট জরিপে প্রতিপক্ষ মনফর উল্লাহ গংদের নামে জমিটি রেকর্ডভুক্ত হয়। এ রেকর্ড সংশোধন ও মালিকানা প্রতিষ্ঠার জন্য তিনি ২০২০ সালে সুনামগঞ্জের দিরাই সহকারী জজ আদালতে ২২ নম্বর স্বত্ব মামলা দায়ের করেন। ওই মামলায় ২০২৩ সালের ১০ জুলাই তাঁদের পক্ষে রায় দেওয়া হয় এবং ১১ জুলাই ডিক্রিতে স্বাক্ষর করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে প্রতিপক্ষ সুনামগঞ্জের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে ১৫৮/২০২৩ নম্বর টাইটেল আপিল দায়ের করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর আপিলটি মঞ্জুর করে নিম্ন আদালতের রায় ও ডিক্রি বাতিল করা হয় বলে হাইকোর্টের আদেশে উল্লেখ রয়েছে।
এ রায়ের বিরুদ্ধে মালেকা বিবি ও অন্যরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের ৩১৫৫ নম্বর দেওয়ানি রিভিশন মামলা দায়ের করেন।
হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাকির হোসেন ২০২৬ সালের ২৪ আগস্ট আবেদনটি শুনানি শেষে ২০ দিনের বিলম্ব ক্ষমা করে মামলার নথি তলবের নির্দেশ দেন এবং প্রতিপক্ষের প্রতি রুল জারি করেন। একই সঙ্গে রুলের শুনানি না হওয়া পর্যন্ত আপিল মামলায় দেওয়া রায় ও ডিক্রির কার্যকারিতা এক বছরের জন্য স্থগিত রাখার আদেশ দেন।
আদেশে আরও বলা হয়, মামলার জমির দখল ও অবস্থান সম্পর্কে উভয় পক্ষকে এক বছরের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে হবে।
ছুফি মিয়ার অভিযোগ, হাইকোর্ট বিভাগের ওই আদেশ বহাল থাকা অবস্থায় গত ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে কাজ শুরু করেন। তিনি এতে বাধা দিলে তাঁকে মারধরসহ খুন-জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন।
অভিযোগে মনফর উল্লাহ (৬০), সুজন মিয়া (৪২), ধানু মিয়া (৩৮), জুবেল মিয়া (৩৬), সুজেল মিয়া (৩০), জবেল মিয়া (২৫), রাজা মিয়া (২৩) ও রেজান মিয়া (২০)-সহ আটজনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, বিবাদীদের কারণে যেকোনো সময় ওই জমিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিরোধপূর্ণ জমিতে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে তিনি পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগপত্রের তফসিল অনুযায়ী, বিরোধপূর্ণ জমিটি সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন ধলবাদি চক মৌজার ৮৭ নম্বর জেএলভুক্ত। এসএ খতিয়ান নম্বর ১৫০, আরএস খতিয়ান নম্বর ৩০৪ এবং নামজারি খতিয়ান নম্বর ৫৮২। এসএ ও আরএস দাগের বিবরণ অনুযায়ী জমির মোট পরিমাণ ৪৫ শতক।
একদিকে জমির মালিকানা নিয়ে নিম্ন আদালত ও আপিল আদালতের ভিন্ন ভিন্ন রায়, অন্যদিকে হাইকোর্ট বিভাগের রিভিশন শুনানির অপেক্ষায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ—সব মিলিয়ে বিষয়টি এখন গুরুত্বপূর্ণ আইনি পর্যায়ে রয়েছে।
এ অবস্থায় আদালতের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করে বিরোধপূর্ণ জমিতে নতুন করে কোনো কাজ যাতে না হয়, সে বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী ছুপি মিয়া।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।